শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, অপরাহ্ণ ২২:০৪
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, অপরাহ্ণ ২২:০৪

ভচ্ছাত তত্ত্ব ও বিশ্লেষণ : সিলটি শব্দ ভাণ্ডার

শেয়ার করুন

ভচ্ছাত শব্দটি সিলেটি (ছিলটি) ভাষার একটি সাধারণ শব্দ। এর সরাসরি বাংলা কোন প্রতিশব্দ নেই। তবে এই শব্দটির ব্যবহার পর্যালোচনা করলে এর সমার্থক শব্দ পাওয়া যায়।

ভচ্ছাত শব্দটির সমার্থক শব্দ জানার আগে তার ব্যবহার সম্পর্কে কিছু জানা প্রয়োজন। ভচ্ছাত শব্দটি বিভিন্ন আঙ্গিকে ব্যবহার হলেও হাসি, ঠাট্টা, আনন্দ উল্লাসে ও আকস্মিক উন্মাদনায় এটি বেশি ব্যবহার হয়। সিলেটের শ্রমজীবীরাও এই শব্দ বেশি ব্যবহার করেন। এর মধ্যে উল্লেখযোগ্য সিলেটের বিভিন্ন এলাকায় টিউবওয়েল মিস্ত্রিদের কাছে এই শব্দটির ব্যবহার পরিলক্ষিত হয়।

যেমন টিউবওয়েল এর লেয়ার খনন করার সময় যখন এক চাপে পাইপের অনেক জায়গা মাটির নিচে প্রবেশ করে তখন তাদের মুখে বলতে শোনা যায় “এক কুপে ভচ্ছাত দিয়া এক ফুট হামাই গেছে”।

এই “এক কুপে ভচ্ছাত দিয়া এক ফুট হামাই গেছে” বাক্যটি বিশ্লেষণ করলে বুঝা যায় ভচ্ছাত শব্দটির বাংলা সমার্থক শব্দ “নরম বা ঢিলেঢালা”।

সিলেটের একজন বাউল সাধক তাঁর গানে “ভচ্ছাত” শব্দটির ব্যবহার করেছেন। এই বাউল সাধক আয়াজ বাঙালি নামে পরিচিত। তার গানে কথা গুলো হলো

“তলে দিয়া পানি পরে
উপরে দিয়া ধুমা উরে
ড্রাইভারে কিলা চালায়
ভচ্ছাত শব্দ শোনা যায়”

তাঁর এই গানের কথা গুলো বিশ্লেষণ করলে পাওয়া যায়, শীতের সময় সকাল বেলা টিউবওয়েল এর হাতলে চাপ দিলে টিউবওয়েল এর নিচ দিয়ে নিচের দিকে পানি পরে। এবং এই পানি থেকে উপর দিয়ে ধুঁয়া ওঠে। এই সময় পানি মাটিতে পরায় যে শব্দ হয় তা শোনাতে অনেকটা ভচ্ছাত শব্দটির মত।

এই গানের কথায় যে ভচ্ছাত শব্দটি ব্যবহার করা হয়েছে তার পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, তরল পানি মাটিতে পড়ে ছড়িয়ে ছিটিয়ে মিশে যায়। যা অত্যন্ত কোমল। এর অর্থও দাঁড়ায় “নরম বা ঢিলেঢালা”।

এখন ভচ্ছাত এর অন্যান্য ব্যবহার সম্পর্কে জানা যাক। কাঁঠাল গাছ থেকে সংগ্রহ করার সময় কোন টি যদি মাটিতে পড়ে গলে যায় তখন বলা হয় ” কাটল ইগু মাটিত পরিয়া ভচ্ছাততি গলি গেছে”। তার মানে কাঁঠাল টি পাকা ছিলো। এবং পাকা কাঁঠাল নরম হয়।

কিছু মানুষ পরিবেশ পরিস্থিতি না বুঝে যেখানে সেখানে অগোছালো কথাবার্তা বলতে থাকেন। অনেকে আবার নিজে যা নয় তা বলতে থাকেন। মানুষজন তার কথাগুলো শুনে হাসে ও মজা পায়। এসমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে সিলেটিরা এভাবে বলেন “কিতা বুঝলো আর কিতা মাথলো, মুখে দিয়া যা আইলো ভচ্ছাত দিয়া কইদিলো”।

এর বাহিরেও সিলেটি ভাষার শব্দ “ভচ্ছাত” এর বহুবিধ ব্যবহার রয়েছে। এর বাংলা প্রতিশব্দ না থাকলেও বিশ্লেষণ ও পর্যালোচনায় প্রতীয়মান হয়েছে ভচ্ছাত শব্দটির বাংলা সমার্থক শব্দ নরম, ঢিলেঢালা, লাগামহীন ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্যঃ এই বিশ্লেষণটি আনুষ্ঠানিক কোন বিশ্লেষণ বা পর্যালোচনা নয়। আপনি চাইলে সিলটি শব্দ ভাণ্ডার আরো সমৃদ্ধ করতে পারেন।

 

আবুল হায়দার মোঃ তরিক, অ্যাডভোকেট, জজ কোর্ট, মৌলভীবাজার। ই-মেইল: [email protected]

সাম্প্রতিক

আরো পড়ুন