কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার সুলতানপুরে চাঞ্চল্যকর গরু চুরির ঘটনা ঘটেছে। প্রাইভেট কার দিয়ে দিনেদুপুরে অভিনব কায়দায় গরু চুরি করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার (২০ মার্চ) আনুমানিক সকাল ১০টার দিকে স্থানীয় সংবাদকর্মী মুন্সি কাশেম উদ্দিন-এর একটি গরু জমি থেকে চুরি করে নিয়ে যায় একটি সাদা রঙের প্রাইভেটকারে থাকা দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
এবিষয়ে সংবাদকর্মী কাশেম উদ্দিন জানান- প্রকাশ্য স্থান থেকে প্রাইভেট কারে করে এভাবে গরু চুরির ঘটনায় স্থানীয়দের জনমনে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। মি. কাশেম তার চুরি হওয়া গরুর সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করে বলেন সন্দেহজনক কোন প্রাইভেট কার দেখলে স্থানীয় থানায় যোগাযোগ করার আহ্বান জানান।
