Monday, 14 September 2026, am 10:38
Monday, 14 September 2026, am 10:38

জানিনা, মুক্তভাবে আর কথা বলা যাবে কিনা : আবদুল হামিদ মাহবুব

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এপর্যন্ত প্রায় ২১২ টি আসনে বিএনপি জয়ী হয়েছে। এই বিশাল ব্যবধানের বিজয় নিয়ে সিনিয়র সাংবাদিক, মুক্তচিন্তক, শিশু সাহিত্যিক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব আজ তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টে যে বিষয়টি তুলে ধরেছেন সেটি প্রণিধানযোগ্য মনে করে আমরা সবার সামনে তুলে ধরলাম।

জানিনা, মুক্তভাবে আর কথা বলা যাবে কিনা। এখনো যখন ডক্টর ইউনূসের সরকার আছে, তখন এক দুটি কথা বলে রাখি।
তারেক রহমান সাহেব, আমি মনে করেছিলাম ভারসাম্য মূলক সংসদ হবে। কিন্তু আপনাদের জোট, আপনাদের দল দুই তৃতীয়াংশ মেজরিটি নিয়ে সংসদে যাচ্ছেন।
এই অভূতপূর্ব বিজয় একদিকে ভালো, অন্যদিকে মন্দও। এখন আপনাকে দেশের স্টিয়ারিং খুব সাবধানে চালাতে হবে। নিজের দলের সংসদ সদস্যদের সামাল দিয়ে অর্থাৎ লাগাম টেনে না রাখলে দেশ আবার গাড্ডায় পড়তে পারে। আপনি নিশ্চয়ই আপনার অভিজ্ঞতায় সেটা দেখেছেন। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সংসদে তার বিশাল বহরের সমর্থনের কারণে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিতে পেরেছিল।
আপনি জুলাই সনদের সংস্কার গুলো গ্রহণ করবেন, এটা আমার প্রত্যাশা। কোনো কালেই আর যেন আমাদের দেশ ফ্যাসিবাদের পথে না যায়, সেটার পাকাপোক্ত বিধান সংবিধানে সন্নিবেশিত করা হবে, এটাও আমার প্রত্যাশা।
আর সাধারণ মানুষের মত আমার ছোট্ট আরেকটি প্রত্যাশা; সেটা হচ্ছে, আমরা সকলেই শান্তি এবং স্বস্তিতে এই দেশে বসবাস করতে চাই।
ঘুস দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলা যেন আর ফিরে না আসে। আইনের শাসন এদেশে পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হোক। ডাল ভাত খেয়ে যেন দেশের মানুষ নিরাপত্তার সাথে বেঁচে থাকতে পারে।
আমার এই বলা কথাগুলো পূর্ণ হলে সারাদেশের মানুষ আপনার প্রতি খুশি থাকবে, আপনি এটা বিশ্বাস রাখবেন।মানুষ ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। মানুষ কষ্টে পড়লে কোন না কোন ভাবে সেটার যন্ত্রণায় আপনাকেও যন্ত্রণাগ্রস্ত করবে।
মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডে মতো দেশকে বানানোর চিন্তাগুলো আপনারা রাজনীতিবিদরা মাথায় রেখে কাজ করবেন। এইসব বিষয় সাধারণ মানুষের, চিন্তার বিষয় নয়। মানুষের চিন্তার বিষয়, কেবল তাদের জীবনের শান্তি স্বস্তি নিরাপত্তা আর পেট ভরে দুবেলা ভাত খাওয়া।
আপনার এই বিজয়ে আপনাকে অভিনন্দন।আপনার ‘ক্যারিশম্যাটিক’ নেতৃত্ব দেখার অপেক্ষায় থাকলাম।

সাম্প্রতিক

আরো পড়ুন